বিশ্বকাপে নজর কাড়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার নতুন ঠিকানা কোলো কোলো
- আপডেট সময় : ০২:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ২৩ বার পঠিত

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া এবার নতুন ক্লাব খুঁজে পেয়েছেন। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন। বিশ্বমঞ্চে তার অসাধারণ নৈপুণ্যের পরই দক্ষিণ আমেরিকার অন্যতম সফল এই ক্লাব তাকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেয়।
শুক্রবার (২৪ জুলাই) কোলো কোলোর সভাপতি আনিবাল মোসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোজিনিয়া খুব শিগগিরই চিলিতে পৌঁছাবেন। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনিয়া কয়েক দিনের মধ্যেই চিলিতে উড়াল দেবেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কোলো কোলোর সঙ্গে তিনি ১৮ মাসের একটি চুক্তিতে সম্মত হয়েছেন।
ভোজিনিয়ার প্রকৃত নাম জোসিমার দিয়াস। তবে ফুটবল অঙ্গনে তিনি ‘ভোজিনিয়া’ নামেই বেশি পরিচিত। এবারের বিশ্বকাপে কেপ ভার্দের ইতিহাস গড়ার পেছনে তার অবদান ছিল অনন্য। আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয়, যেখানে গোলবারের নিচে একের পর এক দারুণ সেভ করে দলের অন্যতম ভরসায় পরিণত হন তিনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিলেও ভোজিনিয়ার পারফরম্যান্স প্রশংসা কুড়ায় বিশ্বজুড়ে।
বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অসাধারণ গোলরক্ষণের মাধ্যমে তিনি ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেন। ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
সম্প্রতি সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোজিনিয়া জানান, তিনি আরও অন্তত এক থেকে দুই মৌসুম পেশাদার ফুটবল খেলতে চান। তার ভাষায়, তিনি এমন একটি ক্লাবের হয়ে খেলতে আগ্রহী, যারা তাকে কেবল প্রচারণার জন্য নয়, বরং একজন দক্ষ ফুটবলার হিসেবে মূল্যায়ন করবে। ওই সময় তাকে ঘিরে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।
বিশ্বকাপের পারফরম্যান্স তার জনপ্রিয়তাকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে। টুর্নামেন্ট শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল ৫০ হাজারেরও কম। বিশ্বকাপ শেষ হতে না হতেই সেই সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৯০ লাখে পৌঁছে যায়। এবার সেই জনপ্রিয়তা এবং মাঠের সাফল্যকে সঙ্গে নিয়েই কোলো কোলোর জার্সিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক।
এদিকে তার নতুন ক্লাবে যোগ দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক সমর্থক মনে করছেন, ভোজিনিয়ার সাফল্য নতুন প্রজন্মের অসংখ্য শিশুকে গোলরক্ষক হওয়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। চুক্তির ঘোষণার পোস্টে ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহামও মন্তব্য করেছেন, “The Best”, যা ভোজিনিয়ার প্রতি ফুটবল অঙ্গনের সম্মান ও স্বীকৃতিরই আরেকটি উদাহরণ।

























