ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আহ্বান:কাকার
- আপডেট সময় : ০২:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ২২৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর আকস্মিক হামলার বিরুদ্ধে পাকিস্তান জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। একই সঙ্গে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) সিএনএনের লাইভ রিপোর্টে এ তথ্য জানানো হয়।
সোমবার কাকার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজার অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ায় কাকার গাজায় চলমান যুদ্ধে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গাজার বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে ইসরাইলকে অভিযুক্ত করেছেন।
এছাড়া রোববার পাকিস্তানের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস গাজার পরিস্থিতিকে ফিলিস্তিনের দরিদ্র জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর গণহত্যা বলে অভিহিত করেছেন। এর আগে গত শনিবার দেশজুড়ে হাজার হাজার পাকিস্তানি মিছিল করেছে। তারা গাজায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এবং গাজা অবরোধের প্রতিবাদ জানায়।
গত শনিবার হামাস গাজা থেকে ইসরায়েলের দিকে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে। একই সময়ে, হাজার হাজার হামাস যোদ্ধা ইসরায়েলের সীমানা ভেঙ্গে দেশটিতে তাণ্ডব চালায়। হামাসের হামলায় ইসরায়েলে ১,৪০০ জন নিহত হয়েছে। আহত, তিন হাজারের বেশি।
এ কারণে ইসরায়েলি সেনাবাহিনী তখন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে। গাজায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২,৬০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আট হাজারের বেশি।





















