প্লেন থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে ৫ ফিলিস্তিনি নিহত!
- আপডেট সময় : ০২:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২৫৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
অবরুদ্ধ গাজায় প্লেন থেকে ফেলা ত্রাণ দুর্ঘটনাক্রমে মাথায় পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী এবং গাজার হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি প্যারাসুটে বাধা ত্রাণ সঠিকভাবে না পড়ায় এই দুর্ঘটনাটি ঘটে এবং এতে পাঁচজন মারা যান।
গাজার এক চিকিৎসকের বরাত দিয়ে এএফপিও বার্তা সংস্থা পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে। তবে কোন দেশের বিমান থেকে এই ত্রাণগুলো নামানো হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।
সম্প্রতি গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হতে পারে বলে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম গাজায় বিমান থেকে বিভিন্ন ধরনের ত্রাণ ফেলছে।
জর্ডানের রাষ্ট্রীয় টিভি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে এই ঘটনায় জর্ডানের কোনো বিমান জড়িত ছিল না।
মার্কিন জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, প্লেন থেকে তারা যে ত্রাণ ফেলেছেন সেগুলো নিরাপদে মাটিতে পৌঁছেছে। তাদের ফেলা সহায়তার মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটেনি।
জাতিসংঘ বলছে, গাজার ২.৩ মিলিয়ন মানুষের এক চতুর্থাংশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে এবং শিশুরা অনাহারে মারা যাচ্ছে।
শুক্রবার (৮ মার্চ) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সি-১৭ কার্গো বিমান থেকে গাজা শহরের উত্তরে আল শাতির ওপর দিয়ে প্লেন থেকে সহায়তা ফেলা হচ্ছে। গত কয়েকমাসে কোনো ধরণের সহায়তা না পাওয়া এলাকা ছিল এটি।
মূলত এই ত্রাণ সহায়তা প্যারাসুটের মাধ্যমে নামানো হয়। কিন্তু প্যারাসুটটি ঠিকমতো না খুলে নিয়ন্ত্রণহীনভাবে নিচে পড়ে যায়।
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার বলেছে যে তারা এই সপ্তাহের শেষের দিকে সাহায্য পাঠানো শুরু করার পরিকল্পনার আগে গাজায় একটি অস্থায়ী সমুদ্রবন্দর খোলার পরিকল্পনা করছে।
গাজায় সরাসরি সাহায্য পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র দ্রুত একটি অস্থায়ী বন্দর নির্মাণ করবে বলে জানিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এটি তৈরি করতে অন্তত কয়েক সপ্তাহ সময় লাগবে।
পশ্চিমা দেশগুলি ইসরায়েলকে গাজায় সড়কপথে সাহায্যের অ্যাক্সেস বাড়ানোর জন্য চাপ দিচ্ছে এবং সাহায্যের পথ সহজ করতেও বলা হচ্ছে।


















