প্রধানমন্ত্রীর নির্দেশে চালু হচ্ছে ‘ই-হেলথ’ কার্ড
- আপডেট সময় : ০৭:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৩৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। ০৪.০৩.২০২৬ ।।
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন একটি উদ্যোগ নিয়েছেন। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি ‘ই-হেলথ’ কার্ড চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য যথাযথ নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং এই উদ্দেশ্যে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলোকে স্বাস্থ্য কেন্দ্র হিসেবে পুনর্বিন্যস্ত করার বিষয়েও আলোচনা হয়। আতিকুর রহমান রুমন জানান, এলজিইডির আওতায় ১৭০টি পরিত্যক্ত ভবন চিহ্নিত করা হয়েছে, যেগুলো স্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া, দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় উঠে আসে। গত পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম হয়। প্রধানমন্ত্রী এই পরিসংখ্যানের প্রতি উদ্বেগ প্রকাশ করে মন্ত্রণালয়কে জনসংখ্যা নিয়ন্ত্রণে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। বৈঠকে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে, ৮০% নারী এবং ২০% পুরুষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্যও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।এ বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ।
















