প্রচন্ড তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ০৭:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। কাঠফাটা রোদে বাইরে বের হলে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। অনেকে এই গরমে অসুস্থ হয়ে পড়ছেন। তাছাড়া সম্প্রতি দেশে বিদ্যুতের অসহনীয় মাত্রার লোডশেডিং শুরু হয়েছে। এই অবস্থায় শিশু শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে সরকার শ্রেণি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
আগামীকাল ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।
রোববার (৪ জুন) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বিদ্যমান তীব্র তাপপ্রবাহের কারণে তরুণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জুন সোমবার থেকে ৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে।
তাপপ্রবাহের কারণে দেশে নানাবিধ গরমজনিত রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। হিটস্ট্রোক বাড়ার পাশাপাশি ডায়রিয়াসহ নানা রোগ বাড়ছে। এ অবস্থায় গরমে রোগ থেকে বাঁচতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একইসঙ্গে রোগ থেকে বেঁচে থাকতে খাবার গ্রহণ ও পানি পানে সতর্ক করেছেন তারা। বিশেষজ্ঞদের মতে, গরমে শিশু থেকে বয়স্ক সবাই ঝুঁকিতে রয়েছে। এ সময় অতিরিক্ত ঘাম হিটস্ট্রোকের কারণ হতে পারে। ফলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে পানির উৎস যেন নিরাপদ হয়। একইসঙ্গে গরমে খাবার গ্রহণেও সতর্ক হওয়ার পরামর্শ তাদের।


















