ডিসেম্বরের মধ্যে দুর্বল ব্যাংকগুলোকে স্বেচ্ছায় একীভূত হতে হবে:বাংলাদেশ ব্যাংক
- আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দুর্বল ব্যাংকগুলোর স্বেচ্ছায় একীভূত হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ের মধ্যে সবগুলো ব্যাংক একীভূত না হলে আগামী বছরের মার্চ থেকে ব্যাংকগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে তাদের একীভূত করার সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। এই ক্ষেত্রে, আমানতকারীদের স্বার্থ রক্ষা করা হবে এবং আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে একীভূত করা হবে।
মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মাজবাউল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী বছরের মার্চে নীতিমালা অনুযায়ী যারা ঝুঁকিপূর্ণ তালিকায় থাকবেন তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। আন্তর্জাতিক রীতি অনুসরণ করে ব্যাংক একীভূতকরণের পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কিত নীতিমালা প্রণয়ন করা হবে।
মুখপাত্র বলেন, যেসব ব্যাংক একীভূত হবে, ওই ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো অডিট প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা করা হবে। এরপরই একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হবে। ব্যাংক একীভূত হলে তা হবে যথাযথ ও স্বচ্ছ প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় ভালো ব্যাংক যাতে দুর্বল না হয় ও দুর্বল ব্যাংক যাতে ভালো হয়- উভয় দিকেই লক্ষ্য রাখা হবে।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ব্যাংকগুলোকে লাল, হলুদ ও সবুজ তালিকাভুক্তি প্রসঙ্গে মেজবাউল হক বলেন, এটা ব্যাংকের স্বাস্থ্য দেখার কোনো সঠিক পদ্ধতি নয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ নানা সময়ে ব্যাংকের তালিকা করে থাকে। এই তালিকাটা ধারণাভিত্তিক। যেখানে কোন পরিস্থিতি হলে কী হবে, তা বিবেচনায় নেওয়া হয়। ব্যাংকের স্বাস্থ্য দেখার একমাত্র উপাদান নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, যা ক্যামেলস পদ্ধতির মাধ্যমে দেখা হয়।





















