কীর্তির শরীরে বারবার হাত, মিস্কিনের আচরণে অস্বস্তিতে অভিনেত্রী
- আপডেট সময় : ০২:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৩২ বার পঠিত

ছবির প্রচার অনুষ্ঠানে সহ-অভিনেতার আচরণ ঘিরে আলোচনায় দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। তার নতুন তামিল ছবি ‘সত্যবান সাবিত্রী’র প্রচারে গিয়ে অভিনেতা মিস্কিনের আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
প্রচারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কীর্তির অস্বস্তি এবং শারীরিক স্পর্শের সম্মতি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা কীর্তি সুরেশ অভিনীত ‘সত্যবান সাবিত্রী’ সিনেমাটি। ছবিতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিস্কিন। বুধবার চেন্নাইয়ে সিনেমাটির প্রচার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দুজন।
সেখানকার একটি ভিডিওতে দেখা যায়, কীর্তির প্রশংসা করার সময় তার কোলে ও পায়ের ওপর বারবার হাত রাখছেন মিস্কিন। ওই সময় অভিনেত্রীর মুখভঙ্গি দেখে তাকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে বলে দাবি করছেন নেটিজেনদের একাংশ।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। এক নেটিজেন প্রশ্ন তোলেন, সামান্য স্পর্শেই কেন কীর্তিকে অস্বস্তিতে দেখা গেল? ছবির দৃশ্যে অনেক কিছু ঘটলেও বাস্তব জীবনে এমন আচরণে তার প্রতিক্রিয়া কেন আলাদা- এমন মন্তব্যও করেন তিনি।
তবে ওই মন্তব্যের সঙ্গে একমত নন অধিকাংশ নেটিজেন। বরং কীর্তির পাশে দাঁড়িয়ে তারা বলছেন, সিনেমার পর্দায় অভিনয়ের প্রয়োজনে শারীরিক স্পর্শ আর বাস্তব জীবনে কারও অনুমতি ছাড়া স্পর্শ করা এক বিষয় নয়। একজন অভিনেত্রী পর্দায় কোনো দৃশ্যে অভিনয় করতে সম্মতি দিলেও বাস্তব জীবনে তার ব্যক্তিগত পরিসর ও সম্মতির অধিকার অক্ষুণ্ন থাকে।
এক নেটিজেনের মন্তব্য, ‘এটা বাস্তব জীবন, আর ছবির দৃশ্য অভিনয়। মিস্কিনের উদ্দেশ্য যা-ই হোক না কেন, কীর্তি তার আচরণে অস্বস্তি বোধ করে থাকলে তা প্রকাশ করার সম্পূর্ণ অধিকার তার রয়েছে।’
আরেকজন সম্মতির বিষয়টি তুলে ধরে লিখেছেন, ছবির দৃশ্যে স্পর্শ করার আগে সংশ্লিষ্টদের মধ্যে সম্মতি থাকে। কিন্তু বাস্তব জীবনেও শারীরিক স্পর্শের ক্ষেত্রে সম্মতি প্রয়োজন। ফলে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কীর্তির ব্যক্তিগত পরিসর ও নারীর সম্মতির অধিকার নিয়ে আলোচনা চলছে।
তবে ছড়িয়ে পড়া ভিডিও কিংবা ওই মুহূর্ত নিয়ে এখন পর্যন্ত কীর্তি সুরেশ বা মিস্কিন- কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। তাই ভিডিও দেখে অভিনেত্রীর অস্বস্তির কারণ বা মিস্কিনের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
প্রসঙ্গত, ‘সত্যবান সাবিত্রী’ সিনেমাটি প্রথমে চলতি বছরের জুলাইয়ে মুক্তির কথা ছিল। পরে মুক্তির তারিখ পিছিয়ে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়। একই দিনে মুক্তির কথা ধনুষ ও সাই পল্লবী অভিনীত ‘ওম’ সিনেমারও। বক্স অফিসে দুই ছবির লড়াই নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।






















