কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটই চালু, বেড়ে ১৭৯ মেগাওয়াটে পৌঁছেছে বিদ্যুৎ উৎপাদন
- আপডেট সময় : ০৩:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২০৮ বার পঠিত

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে (কপাবিকে)। পর্যাপ্ত পানি থাকায় কেন্দ্রটির পাঁচটি উৎপাদন ইউনিটই বর্তমানে পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াটে পৌঁছেছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট সূত্র জানায়, শুষ্ক মৌসুমে পানির স্বল্পতার কারণে চলতি বছরের জুন মাস পর্যন্ত কেন্দ্রটির মাত্র এক বা দুটি ইউনিট চালু রাখা হয়েছিল। তবে কাপ্তাই হ্রদে দ্রুত পানি বাড়তে থাকায় গত ৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট একসঙ্গে চালু করা হয়। ওই দিন কেন্দ্রটি থেকে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে কেন্দ্রটির ব্যবস্থাপক (প্রকৌশল) মাহমুদ হাসান জানান, গত এক সপ্তাহের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বেড়েছে। ফলে পানিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটি থেকে মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪২ মেগাওয়াট করে মোট ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩ নম্বর ইউনিট থেকে পাওয়া যাচ্ছে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৩০ মেগাওয়াট করে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সব মিলিয়ে পাঁচটি ইউনিট থেকে মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যদিও কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমের প্রকৌশলীরা জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ৯০ দশমিক ৩১ ফুট (মিন সি লেভেল)। অথচ রুল কার্ভ অনুযায়ী এ সময়ে পানির স্বাভাবিক উচ্চতা থাকার কথা ৮৫ দশমিক ৪৪ ফুট। অর্থাৎ বর্তমানে হ্রদে স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি পানি রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানিধারণ ক্ষমতা ১০৮ ফুট (মিন সি লেভেল)। বর্ষা মৌসুমে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে হ্রদের পানির স্তর আরও বাড়তে পারে। তবে একই সঙ্গে অতিরিক্ত পানি ব্যবস্থাপনা ও জলাধারের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।





















