ইসরায়েলে আপাতত হামলা সমাপ্ত ঘোষণা করলো ইরান
- আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ২৭১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত ঘোষণা করেছে ইরান। আজ ভোরে তেহরান জানিয়েছে, পরবর্তী সময়ে কোনো উসকানি না এলে ইসরায়েলের ওপর আর হামলা চালানো হবে না। অন্যদিকে, তেহরানের হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উসকানি না দিলে ইরান আর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেছেন, আমাদের কর্মসূচি আপাতত শেষ। তবে ইসরায়েল যদি আবারও প্রতিশোধ নিয়ে যায়, তাহলে আমরা উপযুক্ত প্রতিক্রিয়া জানাবো, যা হবে আরও শক্তিশালী।
হামলা থেকে বাঁচতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দখলকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরান বলছে, গাজা ও লেবাননে ভয়াবহ হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডের নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে। এরই মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।


















