আসছে রমজানে আল আকসা ঘিরে বাড়ছে উদ্বেগ!
- আপডেট সময় : ০৫:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
রমজানে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদ পরিদর্শন বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। এই অঞ্চলে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে হামাস, এমনটাই অভিযোগ করেছে ইসরায়েল। তাই, গাজায় যুদ্ধবিরতি না হওয়ায় পবিত্র রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। খবর বিবিসি।
জেরুজালেম এবং আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান। এদিকে জেরুজালেম ইহুদিদের জন্যও একটি পবিত্র স্থান। এখানেই তাদের প্রথম এবং দ্বিতীয় মন্দির যা টেম্পল মাউন্ট নামে পরিচিত, অবস্থিত।
দুই পক্ষই দীর্ঘদিন ধরে জায়গাটি দাবি করে আসছে। ফলে প্রতি বছর বিশেষ করে রমজান মাসে মসজিদের চারপাশে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে মুসলমানদের সংঘর্ষ হয়। দুই দিন পর শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমজান মাস। আর সেই সঙ্গে জেরুজালেমে উদ্বেগ বাড়ছে। এবারও এক সপ্তাহ আগে মুসল্লিদের জন্য মসজিদ পরিষ্কার করা হয়েছে।
প্রতি বছর অন্তত ১৪ লাখ তীর্থযাত্রী এখানে নামাজ পড়তে আসেন। মসজিদটি জর্ডান দ্বারা পরিচালিত হয়। তবে এর নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইসরায়েলি বাহিনী। গুজব রয়েছে যে এই রমজানে মাত্র ১০,০০০ থেকে ১৫,০০০ মুসলমানকে আল-আকসা মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে। এরপর থেকেই উদ্বেগ বাড়তে থাকে।
রমজান উপলক্ষে ৪০ দিনের গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আশা যত ম্লান হচ্ছে জেরুজালেম নিয়ে উদ্বেগ ততই বাড়ছে। অবশ্য ইসরায়েলের সাথে চুক্তিতে পৌঁছাতে আজ রবিবার আবারও হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে মধ্যস্থতাকারীরা।


















