চিকিৎসায় গাফিলতি, সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষের স্বীকারোক্তি
- আপডেট সময় : ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অবশেষে নিজেদের গাফিলতির কথা স্বীকার করল সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে মা মাহবুবা রহমান আঁখির চিকিৎসায় তাদের নিজেদের গাফিলতির কথা স্বীকার করেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। একই সঙ্গে আঁখির মৃত্যুতে শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় সেন্ট্রাল হাসপাতালের জ্যেষ্ঠ উপ-পরিচালক ডা. এটিএম নজরুল ইসলাম অভিযোগটি স্বীকার করেন।
তিনি বলেন, আঁখির চিকিৎসায় হাসপাতালে নিশ্চয়ই গাফিলতি ছিল। গাফিলতি ছিলো প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের, কারণ সেসময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেনি।
নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে। ইতিমধ্যে ৫ দিন পেরিয়ে গেছে, আর ২ দিন বাকি। এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে।
হাসপাতালের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনের প্রতিবেদন আসলে একটি ব্যবস্থা গ্রহণ করবে।
একজন ডাক্তারের পক্ষে প্রতিদিন ১৫০ থেকে ২০০ রোগী দেখা কতটা সম্ভব? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে মানসম্মত সেবা দিতে হলে একজন চিকিৎসকের পক্ষে প্রতিদিন এত রোগী দেখা সম্ভব নয়। কিন্তু সংযুক্তা সাহা দেখতেন, কী বলবো আর এটি নিয়ে।
হাসপাতাল প্রশাসন কি এতদিন এসব জানত না? এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আপনি যখন ডাক্তারের কাছে আসেন, তারা মূলত আপনাকে চিকিৎসা দেন। তারপর কোনো ঘটনা ঘটলে তা আমাদের সামনে আসে। বাইরের জিনিস সম্পর্কে আমাদের জানানো হয় না। এজন্য আমরা এসব জানতে পারিনি।
এদিকে আঁখির মৃত্যুর ঘটনায় পরিবারকে ক্ষতিপূরণ এবং দেশের সরকারি-বেসরকারি হাসপাতালের অনিয়ম বন্ধে মনিটরিং সেল গঠনসহ ৪ দফা দাবি জানিয়েছেন আঁখির সহপাঠীরা। আজ সকালে কেন্দ্রীয় হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।


























