ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, বছরের সর্বোচ্চ রোগী হাসপাতালে
- আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই জ্বরে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেড় শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এ বছরের সবচেয়ে বেশি রোগী।
গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। এদের মধ্যে ১৪৮ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৮ জনকে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৫৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৭৩ জন এবং অন্যান্য হাসপাতালে ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ২১ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ২৭৬ জন এবং ঢাকার বাইরে ৭৪৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৫০ জন। ঢাকায় ১ হাজার ৭৮৫ এবং ঢাকার বাইরে ৬৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


























