রাজাপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ ও সচেতন সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৭৮ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে জেলেদের মধ্যে ভিজিএফের (চাল) বিতরণ কার্যক্রম ও গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির আয়োজন করা হয়।রাজাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর, বাস্তবায়নে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কর্মসূচিতে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করা হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে। এ সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়সহ সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত থাকার জন্য জেলেদের আহ্বান জানানো হয়। এ উপলক্ষে জেলেদের জীবন-জীবিকার কথা বিবেচনায় নিয়ে সরকারি সহায়তার অংশ হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মা ইলিশ রক্ষায় জেলেদের করণীয় এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। মৎস্য বিভাগ জানায়, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নির্ধারিত সময়ে নদ-নদীতে ইলিশ আহরণ বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযান সফল করতে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।
















