ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক
- আপডেট সময় : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ২৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ২৯ এপ্রিল ২০২৬ ।।
যশোরে ভেজাল মধু উৎপাদনের অভিযোগে আলোচিত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, যশোর শহরতলির শেখহাটি এলাকায় অবস্থিত বিসমিল্লাহ মধু ট্রেডিং দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি ও বাজারজাত করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিম উপায়ে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল। এছাড়া কালোজিরা, সাদা তিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে মোড়কজাত করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। কারখানার গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ প্যাকেট ও মোড়ক উদ্ধার করা হয়। একই সঙ্গে কাসুন্দি তৈরির উদ্দেশ্যে গত বছরের আম সংরক্ষণ করে রাখার তথ্যও পাওয়া গেছে। পরে যশোরের সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অভিযানে বিএসটিআই যশোরের সহকারী পরিচালক আব্দুল মতিনও অংশ নেন। এর আগেও একাধিকবার বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে অভিযান চালানো হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে ইতোমধ্যে তিনটি মামলা রয়েছে এবং অতীতেও তাকে কয়েক দফা জরিমানা করা হয়েছে।






















