সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি
- আপডেট সময় : ০৪:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ২৯ এপ্রিল ২০২৬ ।।
সুস্থ জীবনযাপনের জন্য আমরা অনেক সময় কঠিন ডায়েট পরিকল্পনা বা দামি খাবারের দিকে ঝুঁকে পড়ি। অথচ দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু সবুজ পাতাযুক্ত শাকসবজিই হতে পারে সুস্থ থাকার সহজ সমাধান।
প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের পাতাযুক্ত শাক রাখলে শরীর প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট পায়। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হৃদস্বাস্থ্য ভালো রাখা এবং হজমশক্তি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামান্য খাদ্যাভ্যাসের পরিবর্তনই তাই সুস্থ জীবনের মজবুত ভিত্তি গড়ে তুলতে পারে।
যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ ক্রিস্টেন কার্লির মতে, পাতাযুক্ত শাকসবজি বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ, যা শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়ক। শাকের ধরন ভেদে কিছু পার্থক্য থাকলেও বেশিরভাগ পাতাযুক্ত শাকে মিল পাওয়া যায় একই ধরনের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের।
পুষ্টিবিদ রেবেকা জাসপান জানান, এসব শাকে ভিটামিন এ, ভিটামিন কে, ফলেট, আয়রন ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যমান। পাশাপাশি এতে থাকে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লুটেইন, জিয়াজ্যান্থিন এবং প্রাকৃতিক নাইট্রেট, যা শরীরের নানা কার্যক্রম সচল রাখতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যায়, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অন্যদিকে লুটেইন ও জিয়াজ্যান্থিন চোখের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখে এবং বয়সজনিত দৃষ্টিজনিত সমস্যার ঝুঁকি কমাতে সহায়তা করে। প্রাকৃতিক নাইট্রেট রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
এছাড়া ফলেট মস্তিষ্কের কার্যকারিতা, ডিএনএ গঠন এবং জন্মগত ত্রুটি প্রতিরোধে গুরুত্বপূর্ণ। আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে, যা শরীরে অক্সিজেন পরিবহনের জন্য জরুরি। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখে। আর ফাইবার হজমশক্তি উন্নত করা, রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখা এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পাতাযুক্ত শাকসবজি খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়, শরীরে শক্তি উৎপাদন বাড়ে এবং হৃদস্বাস্থ্য ভালো থাকে। একই সঙ্গে এটি শরীরের প্রদাহ কমাতে এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের স্বাস্থ্য রক্ষা করে, আর উদ্ভিদজাত বিভিন্ন সক্রিয় উপাদান দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
দৈনন্দিন খাদ্যতালিকায় এই শাকসবজি সহজেই যুক্ত করা যায়। সালাদ, স্যান্ডউইচ, জুস, রান্না করা সবজি, পাস্তা, ভাত কিংবা ডিমের সঙ্গে এগুলো খাওয়া যায়। এমনকি বিভিন্ন সস বা পেস্ট্রিতেও এর ব্যবহার জনপ্রিয়।
পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, পাতাযুক্ত শাক ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সঙ্গে খেলে আয়রন আরও ভালোভাবে শরীরে শোষিত হয়। পাশাপাশি অলিভ অয়েল বা অ্যাভোকাডোর মতো স্বাস্থ্যকর চর্বির সঙ্গে খেলে ফ্যাট-সলিউবল ভিটামিনের শোষণও বৃদ্ধি পায়।
কাঁচা ও রান্না—উভয়ভাবেই পাতাযুক্ত শাক খাওয়া উপকারী। রান্নার পর পরিমাণ কিছুটা কমে গেলেও তখন সহজে বেশি পরিমাণে খাওয়া সম্ভব হয়, যা শরীরের দৈনিক পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে।

























