প্রথমবারের মতো করাচি থেকে পণ্যবাহী জাহাজ এলো চট্টগ্রামে
- আপডেট সময় : ০৩:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২৯৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
পাকিস্তানের করাচি ও চট্টগ্রাম রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এরই মধ্যে পানামার পতাকাবাহী একটি জাহাজ দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (১১ নভেম্বর) জাহাজটি চট্টগ্রামে পৌঁছায় বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন।জাহাজটির স্থানীয় এজেন্ট সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম এসেছে। চট্টগ্রাম থেকে ফিরতি পথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার দুবাই যাবে। এ রুটে জাহাজটি নিয়মিত চলাচল করবে বল আশা করছেন তারা।বুধবার (১৩ নভেম্বর) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগকে চিহ্নিত করেছে। এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।
হাইকমিশনার বলেন, এই উদ্যোগ কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না বরং ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের উভয় দিকের ব্যবসার জন্য নতুন সুযোগের প্রচার করবে।





















