ছাত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করলেন শিক্ষক!
- আপডেট সময় : ০৬:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ২৫০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের করাচিতে এক ছাত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করেছে তার শিক্ষক। ঘটনাটি ঘটেছে করাচির নিপা চৌরঙ্গী এলাকার একটি আইটি সেন্টারে। পুলিশ জানায়, দুজনের মধ্যে তর্কাতর্কি চলছিল। একপর্যায়ে শিক্ষক অ্যাসিড নিক্ষেপ করেন। খবর জিও নিউজ।
অভিযুক্ত শিক্ষকের নাম ইফতিখার। পুলিশ ওই শিক্ষককে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর নাম আলিশা। এ ঘটনায় তার দুই চাচা নোমান ও ফাইজানও দগ্ধ হয়েছেন। তিনজনকে সিভিল হাসপাতালের বার্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
আলিশার চাচা নোমানের অভিযোগের ভিত্তিতে আজিজ ভাট্টি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
নোমানের ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে (এফআইআর) বলা হয়েছে, ‘আমার ভাগ্নি তার আইটি সার্টিফিকেট নিতে গিয়েছিল এবং ইফতিখার ও আরশাদ কেন্দ্রে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।’
এফআইআরে আরও বলা হয়েছে, ভুক্তভোগী তারপর বাড়ি ফিরে যান এবং ঘটনার বিষয়ে তার মামাদের কাছে অভিযোগ করেন। পরে তার মামা নোমান ও ফাইজান তার সঙ্গে কোচিং সেন্টারে যান।
তিনি আরও বলেন, ‘কোচিং সেন্টারে ইফতেখার ও ওয়াকারের মধ্যে মারামারি হয়। এসময় অভিযুক্ত শিক্ষক তার পকেট থেকে অ্যাসিড বের করে আমাদের দিকে ছুড়ে মারেন।’
এর আগে ৯ জানুয়ারি, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় লাহোরের শাহদারা টাউন এলাকায় এক নারী শিক্ষককে (২২) অ্যাসিড নিক্ষেপ করা হয়।


















