কোকাকোলা বাংলাদেশের শেয়ার কিনছে তুরস্কের কোম্পানি
- আপডেট সময় : ০৬:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবি)-এর শেয়ার তুরস্কের কোকা-কোলা আইসেক (সিসিআই) কোম্পানি কিনতে যাচ্ছে। বাংলাদেশে কোম্পানিটির ১০০% শেয়ার কেনার বিষয়ে ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তাদের ওয়েবসাইটে সিসিআই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতি অনুযায়ী, সিসিআই ১৩০ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১৪৩০ মিলিয়ন) বিনিময়ে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজের ১০০% শেয়ার অধিগ্রহণ করবে। সিসিআই ইতোমধ্যে এ বিষয়ে চুক্তি সম্পন্ন করেছে।
সিসিআই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) করিম ইয়াহি বিবৃতিতে বলেছেন, আমরা সিসিবিবি অধিগ্রহণের জন্য শেয়ার ক্রয়ের চুক্তি স্বাক্ষর করতে পেরে আনন্দিত। এ চুক্তিকে আমরা ভবিষ্যতের সম্ভাবনাময় বাজারে প্রবেশের দারুণ সুযোগ হিসেবে দেখছি।
বিবৃতিতে দেওয়া তথ্য অনুযায়ী, কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ দেশে কোক ব্র্যান্ডের পানীয় তৈরি, বিক্রি ও বিতরণ করে।
এই সংস্থাটি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চলে প্রায় ১০ কোটি গ্রাহককে পরিষেবা দেয়। তাদের তিন শতাধিক কর্মচারী রয়েছে। এ ছাড়া কোম্পানিটির একটি বোতলজাত প্ল্যান্ট, তিনটি গুদাম এবং প্রায় তিন লাখ বিক্রয় কেন্দ্র রয়েছে। তাদের পরিবেশক সংখ্যা ৫০০।
ঈঈও কোকা-কোলা ব্র্যান্ডের পণ্য তৈরি, বিতরণ এবং বাজারজাত করে। সংস্থাটি ১১টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কাজ করে। দেশগুলো হলো তুরস্ক, তুর্কমেনিস্তান, আজারবাইজান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, সিরিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান।





















