গত বছরের তুলনায় এবছর জানুয়ারিতে রপ্তানি বেড়েছে ৫৮ কোটি ডলার
- আপডেট সময় : ০৫:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
জানুয়ারি মাসে দেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। জানুয়ারি মাসে রপ্তানি হয়েছে ৫৭২ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার। গত বছরের জানুয়ারিতে প্রায় ৫১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। সে অনুযায়ী গত বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে রপ্তানি বেড়েছে ৫৮ কোটি ডলার।
রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি প্রকাশিত রপ্তানি হালনাগাদ তথ্যে এ তথ্য পাওয়া গেছে। ইপিবির তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৩ হাজার ৩২৬ মিলিয়ন ডলার। গত বছর একই সময়ে রপ্তানি আয় ছিল ৩ হাজার ২৪৫ মিলিয়ন ডলার। সে অনুযায়ী, চলতি অর্থবছর ২০২৩-২৪-এর প্রথম সাত মাসে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২.৫২ শতাংশ। তবে সরকারের নির্ধারিত সাত মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। গত জুলাই-জানুয়ারি মেয়াদে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৫৮৮ কোটি ডলারের।
ইপিবি তথ্যে আরও দেখা যায় যে দেশের প্রধান রপ্তানি আয়ের খাত, তৈরি পোশাক, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৩.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সাত মাসে পোশাক রপ্তানি হয়েছে ২ হাজার ৮৩৬ মিলিয়ন ডলারের। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৪২ মিলিয়ন ডলার। পোশাক রপ্তানি বাদ দিয়ে সামগ্রিক রপ্তানি ইতিবাচক প্রবণতায় রয়েছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রধান রপ্তানি পণ্য পোশাক খাত আয় করেছে ২ হাজার ৮৩৬ কোটি ৩১ লাখ ডলার। এর মধ্যে ১,৬১৮ মিলিয়ন ডলার মূল্যের নিটওয়্যার (সোয়েটার, টি-শার্ট) এবং ১,২১৮,৩৭০,০০০ ডলার মূল্যের ওভেন পণ্য (শার্ট, প্যান্ট) রপ্তানি করা হয়েছে। আলোচিত সময়ে পোশাক রপ্তানি বেড়েছে ৩.৪৫ শতাংশ।





















