মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
- আপডেট সময় : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ২৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ভবনের ৫ম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর আবদুর রউফ তালুকদার এই মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বিএফআইইউর প্রধান কর্মকর্তা, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা উপস্থিত ছিলেন।
২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে চাহিদা কমাতে এবং দাম নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি বজায় রাখা হয়েছিল। সে অনুযায়ী ঋণের সুদ বাড়াতে পলিসি রেট বা রেপো রেট ৭ দশমিক ৭৫ শতাংশে উন্নীত করা হয়। এর আগে, কেন্দ্রীয় ব্যাংক গত জুনে পলিসি রেট বাড়িয়ে ৬ দশমিক ৫ শতাংশ করে, যা জুলাই থেকে কার্যকর হয়।
এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ছয় মাসের মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট) চালু করে, যার ফলে আগের ৯ শতাংশ সুদের হারের সীমা অপসারণ করা হয়। তারপর থেকে, বাজারে অতিরিক্ত তারল্য কমে যাওয়ায় সুদের হার বাড়তে থাকে।
দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান কাজ। গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮ শতাংশ এবং আগামী জুনের মধ্যে তা ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল কেন্দ্রীয় ব্যাংকের।





















