আরো ২৫ পয়সা কমলো ডলারের দাম
- আপডেট সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ডলারের লাগাম টেনে ধরতে এখন দাম বাড়ানোর পরিবর্তে কমানো হচ্ছে। মাত্র ১৫ দিনের মধ্যে মার্কিন মুদ্রা ডলারের দাম আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যা আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা) এক জরুরি বৈঠক করেছে। বৈঠকে এবিবি-বাফেডার নতুন এই দর নির্ধারণ করেছে।
বাফেডার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডলারের দর ২৫ পয়সা কমানো হয়েছে। ফলে ডলারের ক্রয়মূল্য হবে ১০৯ টাকা ৫০ পয়সা, আর বিক্রয়মূল্য হবে ১১০ টাকা। বাজারে ডলার স্থিতিশীল থাকায় তৃতীয়বারের মতো মুদ্রার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই মুদ্রার দাম আরও কমবে।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে, ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেডা) এবং ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের দর নির্ধারণ করছে। বিনিময় হার বাজারভিত্তিক করার অংশ হিসেবে তারা এ দর নির্ধারণ করে আসছে। এ বিষয়ে তাদের পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক।
এবিবি-বাফেডা দায়িত্ব নেওয়ার পর থেকে যথারীতি মুদ্রার দাম বাড়াচ্ছে প্রতিষ্ঠান দুটি। ২২ নভেম্বর, প্রথমবারের মতো ৫০ পয়সা হার কমানো হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ২৯ ডিসেম্বর আবার ২৫ পয়সা কমানো হয়। এ বার আজ থেকে তৃতীয় দফায় আরও ২৫ পয়সা কমানো হয়েছে।





















