আইএমএফ এর শর্ত পূরণে ব্যর্থ বাংলাদেশ ব্যাংক!
- আপডেট সময় : ০২:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৪২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের একটি অন্যতম শর্ত ছিল চলতি বছরের জুনের মধ্যে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে রাখা। তবে বাংলাদেশ ব্যাংক সেই শর্ত পূরণ করতে পারেনি। ঋণের দ্বিতীয় ধাপের আগে শর্তের অগ্রগতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে আইএমএফ।
বাংলাদেশ ব্যাংক জানায়, ঋণের শর্ত অনুযায়ী সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে আইএমএফকে জানিয়েছে। আর যেসব কারণে শর্ত পূরণ করা যায়নি সেগুলোও ব্যাখ্যা করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সকালে আইএমএফ ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ অক্টোবর) রিজার্ভ ছিল ২৬ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। আর ইডিএফের তহবিল বাদ দিয়ে আইএমএফের হিসাবে রিজার্ভ ছিল ২১.০৩ বিলিয়ন ডলার। সংস্থাটির শর্ত অনুসারে, অক্টোবর মাসের জন্য নেট রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার থাকার কথা ছিল। আর গত জুন নাগাদ রিজার্ভ ২৪.৪৬ বিলিয়ন ডলার হওয়ার কথা ছিল, যা পূরণ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, আইএমএফের সঙ্গে বাংলাদেশের এবারের শুরুর বৈঠক হয়েছে। ঋণের শর্তানুযায়ী যেসব সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে সে বিষয়ে তাদের অবহিত করেছে বাংলাদেশ ব্যাংক। যেসব শর্তপূরণ করতে পারেনি তার কারণ ব্যাখ্যা করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, অর্থনৈতিক উন্নয়ন, ভর্তুকিযুক্ত রিজার্ভ, ব্যাংক, খেলাপি ঋণ, মুদ্রানীতি, মানি লন্ডারিং, পুঁজিবাজার এবং রাজস্ব পদ্ধতিতে সংস্কারসহ সামগ্রিক অর্থনীতির বিষয়ে আইএমএফের আলোচনা শুরু আজ থেকে। দাতা সংস্থাগুলোর অনেক শর্ত পূরণ না করেই প্রথম দিনে আলোচনার আলোচ্যসূচিতে রয়েছে অর্থনৈতিক অগ্রগতি, অর্থ পাচার, সরকারি ভর্তুকি, মুদ্রানীতি, মজুদের সার্বিক পরিস্থিতি এবং ব্যাংকিং বিষয়ক তদারকি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফের প্রথম বৈঠকে সফরকালে সংস্থার কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।





















