সিনেমায় নিশো-মেহজাবীন জুটি, আসতে পারেন ঈদে
- আপডেট সময় : ০৩:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২৪ বার পঠিত

টিভি নাটকের অন্যতম সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের বহু নাটক দর্শকের অসামান্য ভালোবাসা পেয়েছে। তাদের সেই চেনা রসায়ন এবার আরো বড় পরিসরে, ভিন্ন আঙ্গিকে আসবে বড় পর্দায়। হ্যাঁ, সিনেমায় জুটি হচ্ছেন নিশো ও মেহজাবীন। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় দেখা যাবে তাদের। এ বছরের জানুয়ারিতেই সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছিল। সে সময়ই খবরটা সামনে আসে। তবে নিশো-মেহজাবীন চূড়ান্ত হননি তখনো। সোমবার (৫ অক্টোবর) রাতে তারকাদ্বয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই সুবাদে ‘পুলসিরাত’ আবার আলোচনায়। শাকিলের পোস্ট যেন নিশো-মেহজাবীন জুটির বড় পর্দা অভিষেকের সিলমোহর হয়ে এলো দর্শকের সামনে। প্রযোজনা সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা পোস্টকে। ওই সূত্রের দাবি, বর্তমানে ‘পুলসিরাত’-এর প্রস্তুতির শেষের দিকে। জানুয়ারির শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে। আর এক মাসের মধ্যেই টানা শুটিংয়ে দৃশ্যায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। আর মুক্তি? সূত্রের দাবি, রোজার ঈদকে ভেবেই কাজ গুছিয়ে নিচ্ছেন তারা। জানুয়ারিতে শুটিং আর ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশন শেষে মার্চে রোজার ঈদেই বড় পর্দায় অভিষেক হতে পারে নিশো-মেহজাবীনের। সেই সঙ্গে নির্মাতা হিসেবে ভিকি জাহেদেরও বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটবে। ‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গত কয়েক বছরে দেশের অন্যতম আলোচিত ও সফল সিনেমাগুলো এসেছে এই প্রতিষ্ঠান থেকেই। তাই ‘পুলসিরাত’ নিয়েও বাড়তি আগ্রহ রয়েছে দর্শকের।
প্রসঙ্গত, ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’, ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটক ও ওয়েব সিনেমায় দেখা গেছে নিশো-মেহজাবীনকে।






















