মাধবপুরে শিমের বাম্পার ফলন
- আপডেট সময় : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ১৭১ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার যে জমিতে ধান ছাড়া অন্য কোন ফসল হত না, এখন প্রতি বছর এ সব জমিতে সারি সারি শিম ক্ষেত ফুলের সৌরভ ছড়াচ্ছে। দেখলে যেন মনে হয় সাজানো ফুলের বাগান। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় উপজেলার গেইটঘর, লোহাইদ, ভান্ডারুয়া, শাহজাহানপুর, জগদীশপুর, নোয়াপাড়া, ছাতিয়াইন, ইটাখোলা, বেলঘর, শ্যামপুর, চৌমুহনী, মনতলা, বহরা গ্রামের কৃষকরা শিম চাষে দিন দিন উৎসাহিত হচ্ছে। আষাঢ় শ্রাবণ মাসে জমিতে শিমের বীজ বপন করা হয়।
স্থানীয় কৃষি অফিস সুত্রে জানা গেছে, মাধবপুরে প্রায় ১৭৫ একর জমিতে শিম চাষ করা হয়েছে। শিম চাষাবাদে প্রতি একরে সার, বীজ, শ্রমিক ইত্যাদি বাবদ খরচ হয় প্রায় ২০ হাজার টাকা। প্রতি একর জায়গায় শিম বিক্রি হয় প্রায় ৬০ হাজার টাকা। শিম চাষাবাদ কে কেন্দ্র করে ওই সব এলাকায় গড়ে উঠেছে সবজি বাগান। এখানে কৃষকরা প্রতিদিন নিজেদের ক্ষেতের শিম সংগ্রহ করে কোন ফরিয়া ছাড়াই পাইকারদের কাছে সরাসরি বিক্রি করেন। ওই সব এলাকা থেকে প্রতিদিন ট্রাক, পিকআপ ভ্যান যোগে দেশের বিভিন্ন স্থানে শিম সরবরাহ করা হয়।
শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন চৌধুরী জানান, শিম চাষাবাদে এ এলাকার কৃষকদের আর্থিক স্বচ্ছলতা এসেছে। সরকারী ভাবে শিম চাষে সহজ শর্তে ব্যাংক থেকে ঋন দিলে কৃষকরা আরো উৎসাহিত হতে পারত।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, যে সব এলাকায় শিম চাষ করা হয়েছে সেসব এলাকায় শিম চাষিরা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। আমাদের পক্ষ থেকে তাদের কে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি।




















