পরবর্তী বিশ্বকাপে আর্জেন্টিনায় থাকছেন না স্কালোনি!
- আপডেট সময় : ০৫:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৪৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে হারানোর পর আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কালোনি। এরপর থেকেই নানা গুঞ্জনই শোনা গেছে। যদিও ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার সাথে স্কালোনির চুক্তি রয়েছে, তবে তিনি সে পর্যন্ত তার দায়িত্ব পালন করবেন কিনা তা অনিশ্চিত ছিল। এ বছরের কোপা আমেরিকার আগেই স্কালোনি পদত্যাগ করবেন বলেও গুঞ্জন ছিল।
তবে মঙ্গলবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, অন্তত কোপা আমেরিকা শেষ হওয়ার আগ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করবেন স্কালোনি।
জনপ্রিয় ইতালীয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সোশ্যাল মিডিয়া এক্স (আগের টুইটার) একটি পোস্টের মাধ্যমে বলেছেন যে স্কালোনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফ্যাবিয়ান তপিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। এরপর এই গ্রীষ্মে কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি।
আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার জমজমাট আসর। এরপর ১৪ জুলাই ফাইনালের মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।




















