নিয়ম না মেনে আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের গোডাউন
- আপডেট সময় : ০৬:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ৬৯২ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:
গ্যাসপূর্ন সিলিন্ডারকে বিস্ফোরক হিসাবে ঘোষণা করে সংশ্লিষ্ট মন্ত্রনালয় ৮ই অক্টোবর ১৯৯১ সালে এস, আর, ও ৩৩৯-আইন/৮৯ নং প্রজ্ঞাপনসহ পঠিতব্য এক্সপ্লোসিভ এ্যাক্ট ১৮৮৪ (আইভি অব ১৮৮৪) এর সেকশন ৫,৭,৯(৪) এবং ৯অ তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার আইন প্রণয়ন করে।
উক্ত আইনের তৃতীয় পরিচ্ছেদে বলা হয়েছে লাইসেন্স ব্যতীত সিলিন্ডার আমদানী নিষিদ্ধ। অর্থাৎ কোন ব্যক্তি বিনা লাইসেন্সে গ্যাসপূর্ন বা খালি সিলিন্ডার আমদানী করিতে পারিবেন না। এছাড়াও সপ্তম পরিচ্ছেদের বিধি ৪১ এর বিধান সাপেক্ষে, কোন ব্যক্তি বিনা লাইসেন্সে সিলিন্ডারে গ্যাস ভর্তি করিতে পারিবেন না অথবা গ্যাসপূর্ন কোন সিলিন্ডার তাহার অধিকারে রাখিতে পারিবেন না।
এদিকে কুষ্টিয়া পৌরসভার একতারা মোড় ও আশে পাশের এলাকা অত্যন্ত জনবহুল এবং ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে রয়েছে একাধিক বহুতল ভবন। এছাড়াও পাশেই রয়েছে মসজিদ, মাদ্রাসা ও আবাসিক বাসস্থান।
অথচ নিয়ম-নীতি উপেক্ষা করে জনবহুল এই আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে “আলিফ আখলাখ স্টোর” নামের এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউন। ফলে বিস্ফোরণ ঝুঁকিসহ অগ্নি দুর্ঘটনার শঙ্কা বিরাজ করছে জনমনে। তাছাড়া রাস্তার পাশে বড়ো বড়ো ট্রাক থামিয়ে গ্যাস সিলিন্ডিার লোড এবং আনলোড করার ফলে ঐ এলাকা সহ আশে পাশের রাস্তায় সবসময় যানজট লেগেই থাকে। এছাড়াও ট্রাকের বিকট শব্দে শব্দ দূষণ সহ এলাকাবাসী মানসিক ও শারীরিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সব সময় । সেই কারণেই অগ্নি দুর্ঘটনা ঝুঁকি এড়াতে গ্যাস সিলিন্ডার গোডাউন আবাসিক এলাকা থেকে অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছে এলাকাবাসী।
জনবহুল আবাসিক এলাকা থেকে নিরাপদ দূরত্বে এলপি গ্যাস সিলিন্ডারের গোডাউন স্থানান্তরের দাবি করেন শহরের কুঠিপড়া এলাকার বাসিন্দা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন রতনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। এছাড়া ঝুঁকি এড়াতে এলপি গ্যাসসহ সব ধরনের দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিপণনে ডিলারসহ সকল ব্যবসায়ীর লাইসেন্স শর্তসহ অনুস্মরণে তিনি জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
উল্লেখ্য, আলিফ আখলাখ স্টোরে গ্যাস সিলিন্ডার বিধিমালার “চ” ফরম এ উল্লেখিত ১৫ টি শর্তের কোনটিই মানা হয় না।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সহকারী পরিচালক জানে আলম, আমি এই বিষয়ে ইন্সট্রাকটরের সাথে কথা বলে খোঁজ নিয়ে বিষয়টা দেখবো।
এই বিষয়ে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী বায়োকেমিস্ট (পরিদর্শক) নরেশ চন্দ্র বিশ্বাস’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযানে আছি। এই বিষয়ে সিনিয়র কেমিস্ট পরিবেশ অধিদপ্তরের হাবিবুল বাসার সারের সাথে যোগাযোগ করলে ভালো হয়।
এই বিষয়ে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের কেমিস্ট পরিবেশ অধিদপ্তরের হাবিবুল বাসার’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আলিফ আখলাখ স্টোর নামের কোন প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়া হয় নাই। আমরা বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে জানতে বিস্ফোরক অধিদপ্তর খুলনা অঞ্চলের বিস্ফোরক পরিদর্শক ড. আসাদুল ইসলাম (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আবাসিক এলাকার মধ্যে এই জাতীয় প্রতিষ্ঠান কেউ পরিচালনা করতে পারবে না। আমি দ্রুত সরেজমিনে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
















