ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার।
- আপডেট সময় : ০৪:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩৯ বার পঠিত

মো: শাকিল হোসাইন : ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে নাশকতার প্রস্তুতিকালে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার ভোররাতে মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের একদল নেতা-কর্মী। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালায় ধামরাই থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা বাথুলীতে জড়ো হয়েছিল। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।


















