আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০৪:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৪৩ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। পাঁচ সদস্যের এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার ১৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার ১৩ নভেম্বর আখাউড়া উপজেলা বিএনপি ও ছাত্রদলের বিদ্যমান দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে। ঘটনাটি জেলা বিএনপির নজরে আসার পর একে অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য উল্লেখ করে বলা হয়, এ ধরনের ঘটনা দলীয় শৃঙ্খলার মারাত্মক পরিপন্থী এবং দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নির্দেশনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম চপল, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম মোল্লা এবং প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন।
আগামী সাত কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের কাছে জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার আখাউড়ায় বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ সময় দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটে।


















