ডেঙ্গু নিয়ে আমাদের ভয় পেতে হবে, সতর্ক থাকতে হবে- অধ্যাপক ডা. নাজমুল ইসলাম
- আপডেট সময় : ০৪:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) ও মুখপাত্র অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম বলেন, এখনো বর্ষা শুরু হয়নি। থেমে থেমে কয়েকবার বৃষ্টি হচ্ছে। এসময় এত ডেঙ্গু রোগী আশা করি না। কিন্তু রোগী বাড়ছে। প্রতিদিন কিছু রোগী শনাক্ত হচ্ছে। এই সংখ্যাটিও আসল নয়। কারণ অনেকেই হাসপাতালে আসছেন না। অনেকেই ফার্মেসি থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও সব হাসপাতাল আমাদের তথ্য দিচ্ছে না। তাই এই সংখ্যাটিও প্রকৃত সংখ্যা নয়।বরফের চাকার উপরে যতটা দেখা যায় নিচে এর চেয়ে বেশিই থাকে। আমাদের ডেঙ্গুকে ভয় করা উচিত। সতর্ক হতেই হবে। শঙ্কাকে উপেক্ষার সুযোগ নেই।
অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম বলেন, গত বছর যিনি ডেঙ্গুর যে ধরনে আক্রান্ত হয়েছিলেন তিনি এ বছর অন্য ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীর অবস্থা আরও খারাপ হবে। কত রোগীকে আমরা হাসপাতালের বেড দিতে পারি? আইসিইউ দিতে পারব ? তাই আমাদের জোর দিতে হবে যাতে রোগীর সংখ্যা না বাড়ে।
গত বছরের তুলনায় রোগী বাড়বে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ভয়কে উপেক্ষা করার সুযোগ নেই। কারণ এখন সবকিছু স্বাভাবিক। উন্নয়নের কাজ পুরোদমে চলছে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতিতে অনেক পরিবর্তন ঘটেছে সেগুলো এডিস মশার বৃদ্ধিতে ভূমিকা রাখে। জনস্বাস্থ্য বিবেচনায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মশা প্রজনন স্থান নির্মূল করার জন্য মশা নিয়ন্ত্রণ কর্মসূচির উপর আরো জোর দিতে হবে। ব্যক্তি হিসেবে আমাদেরও দেখতে হবে বাড়ির চারপাশ যেন পরিষ্কার থাকে।


























