জয়িতা টাওয়ার-মার্কেট প্লেস উদ্বোধনে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর ধানমন্ডিতে জয়িতা টাওয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি এই টাওয়ারের উদ্বোধন করেন। এছাড়া জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেস উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান সরকার প্রধান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, জয়িতা ব্র্যান্ডের অধীনে দেশের নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে সম্পৃক্ত করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধাসহ জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে। জয়িতা টাওয়ারে ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ দেশের নারী উদ্যোক্তাদের দ্বারা উৎপাদিত ও প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন এবং সেবা বিপণনের সুবিধা থাকবে।
ভবনটিতে নারী উদ্যোক্তাদের জ্ঞান, দক্ষতা, ব্যবসা ব্যবস্থাপনা এবং উন্নয়ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণের জন্য ভৌত অবকাঠামোগত সুবিধা রয়েছে। এখানে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা এবং প্রশস্ত লবি। এছাড়া ভবনটিতে জয়িতা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থাকবে।
জয়িতা আইকনিক টাওয়ারে চাইল্ড ডে কেয়ার সেন্টার, ডিজাইন সেন্টার, বিউটি পার্লার, মহিলাদের জন্য জিমনেসিয়াম, মহিলা ও শিশুদের জন্য সুইমিং পুল, মাল্টিপারপাস হল, সেমিনার হল, ব্যাংক, ফুড-কোর্ট এবং ক্যাফে রয়েছে। ই-জয়িতা অনলাইন মার্কেট প্লেস চালু হয়েছে।
২০২১ সালের ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ২৭ নম্বর (পুরাতন) সড়কে এক বিঘা জমিতে ১৬৮.৪ মিলিয়ন টাকা ব্যয়ে নির্মিত ১২ তলা বিশিষ্ট জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশন কর্মসূচির উদ্বোধন করেন। এরই মধ্যে সরকার দেশের প্রতিটি অংশকে প্রতীকী মূল্যে ১ বিঘা জমি বরাদ্দ দিয়েছে। বিভাগ, জেলা ও উপজেলায় জয়িতার কার্যক্রম চালু করে দেশব্যাপী একটি পৃথক নারীবান্ধব বিপণন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।






















