ঈদে আনফিট গাড়ি নামলেই কঠোর ব্যবস্থা: বিআরটিএ
- আপডেট সময় : ০১:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৩১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, ঈদে ফিটনেসবিহীন যানবাহন নামানোর কোনো সুযোগ নেই, কেউ খুঁজে পেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিআরটিএ চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, গার্মেন্টস মালিকদের রিকুইজিশন দিতে বলেছি, যাতে আনফিট গাড়ি না নিয়ে বিআরটিসির বাস নিতে পারে। সুতরাং এখানে আনফিট গাড়ি রাস্তায় নামার সুযোগ নেই। এছাড়া যেসব জায়গা থেকে আনফিট গাড়ি বের হওয়ার চেষ্টা করে সেগুলো বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনকে আমরা নজরদারিতে রেখেছি।
এছাড়া ঈদে কিছু আনফিট গাড়ি রাস্তায় নেমে আসে, এমন অভিযোগ প্রতিবছরই থাকে। বিআরটিএ চেয়ারম্যান দাবি করেন, আমরা বিআরটিসির ৫৫০টি বাস রিজার্ভেশনে রেখেছি, যাতে কোনোভাবেই আনফিট গাড়ি রাস্তায় নামতে না পারে।
তিনি আরও বলেন, প্রতি বছরই আমরা এই টার্মিনালগুলো পরিদর্শন করি মানুষের ঈদযাত্রা যাতে স্বস্তিদায়ক হয়। এখানে (গাবতলী বাস টার্মিনাল) আমাদের মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম, মনিটরিং টিম কাজ করছে। আমি এখানে বিভিন্ন টিকেট কাউন্টার ঘুরে দেখলাম, বেশিরভাগ জায়গায় ভাড়া কম নেয়া হচ্ছে।
নূর মোহাম্মদ মজুমদার বলেন, দুই-এক জায়গায় রুট ভুল লিখেছে। তাই ওই দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করতে বলেছি। এখানে যাত্রীরও তেমন ভিড় নেই, পাশাপাশি অতিরিক্ত ভাড়াও অভিযোগ দেখছি না।
যাত্রীদের অনুরোধ করে তিনি আরও বলেন, আপনারা ভাড়ার চার্ট দেখে ভাড়া পরিশোধ করবেন এবং সেই তালিকা অনুযায়ী ভাড়া পরিশোধ করবেন। অতিরিক্ত টাকা দিবেন না। কেউ অতিরিক্ত ভাড়া দাবি করলে টিকিট বুকিংয়ের আগে আমাদের ভিজিল্যান্স টিমের কাছে অভিযোগ করুন। এরপরও কোনো সমাধান না হলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

























