আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না: নসরুল হামিদ
- আপডেট সময় : ০১:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না। শনিবার (১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জে খাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন গ্রীষ্ম ও চলমান সেচ মৌসুমে বিদ্যুতের কোনো সংকট হবে না, দাম বাড়বে না। বিশ্ববাজারে জ্বালানি পণ্যের স্থিতিশীল মূল্যের সুযোগ নিচ্ছে বাংলাদেশ। এখনই মূল্য সমন্বয়ের প্রয়োজন নেই।
তিনি বলেন, আমরা কি বলেছি প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়াবো? আমরা তা বলিনি। আমরা প্রতি মাসে সমন্বয় করব, সে সময়ে বিদ্যুতের দাম আবার কমতে বা বাড়তে পারে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এখন জ্বালানির সঙ্গে বিদ্যুতের দাম সমন্বয় করার চেষ্টা করছি। বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ছে না। তাই আমরা কাজ করি। জ্বালানির দাম ভালো থাকলে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রয়োজন হবে না।
নসরুল হামিদ লোডশেডিং হবে না বলে আশ্বস্ত করেন।
তিনি বলেন, আমরা ধরে রেখেছি ১৬ থেকে ১৭ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। আর আমরা সেটি সরবরাহ করতে পারব। আমি মনে করি না আমাদের কঠোর লোডশেডিংয়ের মধ্যে যেতে হবে। কিন্তু কোথাও সমস্যা হলে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে আমরা আশা করছি, চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারব।























