৩১৬ শীর্ষ স্কোর নিয়ে আজ ঢাকার বায়ু ‘বিপজ্জনক’
- আপডেট সময় : ০২:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থার এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএআইআর) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩১৬। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি। কুয়েতি শহরের স্কোর ২২৭, মানে সেখানকার বায়ুর মানও ‘খুব অস্বাস্থ্যকর’।
এর আগে রোববার (১০ ডিসেম্বর) সকালে দূষণের তালিকায় রাজধানী ঢাকা ছিল ১ নম্বরে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে বায়ুর গুণমান ভাল বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় বায়ুর গুণমান। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে তা বিপর্যয়কর বলে বিবেচিত হয়।























