হিটস্ট্রোকে প্রাথমিক চিকিৎসা
- আপডেট সময় : ০২:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়েছে। সৃষ্টি হয়েছে তীব্র তাপদাহ যার কারনে অতিষ্ট জনজীবন। প্রচন্ড গরমে মানুষের শরীরে নানা রোগব্যাধি দেখা দেয়। এর মধ্যে হিটস্ট্রোক অন্যতম। এটিকে গুরুত্ব না দিলে বিপদ বয়ে আনতে পারে। একটু সতর্ক থাকলে আর নিয়ম মেনে চললে হিটস্ট্রোক থেকে বেঁচে থাকা সম্ভব।
তার আগে চলুন আমরা জেনে নিই হিটস্ট্রোক কি?
বিষেশজ্ঞদের মতে, যখন শরীরের তাপমাত্রা পরিবেশের অত্যধিক তাপমাত্রার কারণে বেড়ে যায় এবং কখনও কখনও এই তাপমাত্রা বেড়ে ১০৬ ডিগ্রি ফারেনহাইট বা তার কাছাকাছিও চলে যাওয়ার ফলে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয় সেটাই হচ্ছে হিটস্ট্রোক। হিটস্ট্রোক হঠাৎ করেই ঘটতে পারে।
সাধারণত চার বছর বয়স পর্যন্ত শিশুরা এবং ৬০ বছরের ঊর্ধ্ব বয়সী বৃদ্ধরা, যাদের গরমে সহ্যক্ষমতা কম, কিডনি, হার্ট, লিভার, ডায়াবেটিসের রোগী, যথেষ্ট পানি পান করেন না বা যারা ক্রীড়াবিদ, ব্যায়ামবিদ এবং প্রচণ্ড রোদে কাজ করেন এমন লোকেরা হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারেন।
হিটস্ট্রোকে দেহে পানির পরিমাণ কমে যেতে পারে। শরীরের তাপমাত্রা হঠাৎ অনেক বেড়ে যায় (১০৪ ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি হতে পারে), এ সময় তেমন ঘাম হয় না এবং ত্বকের বর্ণ লালচে হয়, নিঃশ্বাস দ্রুত হয়, মাংসপেশির খিঁচুনি হয়, হাত-পা কাঁপে, হৃদস্পন্দন দ্রুত বা ক্ষীণ হয় এবং রক্তচাপ কমে যায়, বমি বমি ভাব অথবা বমি হয়, তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম করে, পেশি দুর্বল হয়ে আসে, অনেক সময় রোগী পুরো নিস্তেজ হয়ে পড়ে যায়।
হিটস্ট্রোকে প্রাথমিক চিকিৎসা হিসেবে যা করবেন-
* প্রচন্ড গরমে এই ধরনের উপসর্গ দেখা দিলে পর্যাপ্ত ছায়া ও বাতাস চলাচলের ব্যবস্থা আছে এমন জায়গায় বিশ্রাম নেওয়া উচিত। ঠান্ডা জলে ডুবে থাকতে পারলে সবচেয়ে ভালো। তবে এমন সুযোগ অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। সেক্ষেত্রে ঠান্ডা জলে গোসল করা যেতে পারে। তা সম্ভব না হলেও গায়ে ভেজা কাপড় ধরে রাখতে হবে। যদি জল ছিটানো বা স্প্রে করার সুযোগ থাকে তবে সেটাও করতে পারেন। যেভাবেই হোক মাথা, ঘাড়, বগল ও কুঁচকি ভেজানো জরুরি। এসব স্থানে বরফ ধরতে পারলে খুবই ভালো হয়।
* শরীরের কাপড় খুলে দিন বা আলগা করে দিন। মোজা-জুতা অবশ্যই খুলে দিন।
*এছাড়া রোগীকে ঠান্ডা পানি পান করাতে হবে। তবে, যদি রোগীর আচরণ অসংলগ্ন হয়, অজ্ঞান হয়ে যায়, খিঁচুনি বা অস্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নেয় তাহলে সে স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি খাওয়ানো যাবে না। বরং এমন ক্ষেত্রে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।






















