স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৮৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ২৫ মার্চ ২০২৬ ।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান এবং দপ্তরে এসে প্রথমে গুরুত্বপূর্ণ কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর সকাল সাড়ে ৯টায় আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত প্রেস সচিব রুমন আরও জানান, একই দিন বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি থাকায় এ সপ্তাহে বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে। ২০০৮ সালের পর প্রায় দেড় দশক পর এবার ভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সারা দেশে স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি চলছে। দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে।
























