সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু
- আপডেট সময় : ০৭:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : গাড়ি কেনার স্বপ্ন এখন আরও সহজে পূরণ করার সুযোগ তৈরি হয়েছে। গ্রাহকদের জন্য গাড়ি কেনার অর্থায়নকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং বিওয়াইডি বাংলাদেশ কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এর ফলে বিওয়াইডির গাড়ি কিনতে আগ্রহী গ্রাহকেরা পাবেন আকর্ষণীয় সুদহারে অটো লোন, বিশেষ অর্থায়ন সুবিধা ও নানা ধরনের অফার।
ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান এবং বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় ইউসিবির এসইভিপি ও সিআরএমডি (রিটেইল ও এসএমই)-এর প্রধান এস. এম. মইনুল হোসেন, ইভিপি ও ঢাকা মেট্রো অঞ্চলের প্রধান মাসুদুর রহমান সোনামত, ইভিপি প্রোডাক্ট বিভাগের প্রধান আহমেদ মাসুদুল গনি এবং বিওয়াইডি বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, প্রধান অর্থ কর্মকর্তা ফেরদৌস-উর রহমান, এফসিএ, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মিথুন ভট্টাচার্য এবং সেলস বিভাগের প্রধান ফাহমিদ ফেরদৌস (পুলক)সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অংশীদারত্বের আওতায় বিওয়াইডির গাড়ি কিনলে গ্রাহকেরা আকর্ষণীয় সুদহারে ইউসিবি অটো লোন, বিশেষ অর্থায়ন সুবিধা এবং দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ ও অর্থ ছাড়ের সুযোগ পাবেন। পাশাপাশি নির্বাচিত বিওয়াইডি গাড়ির ক্ষেত্রে থাকছে বিশেষ অফার ও বাড়তি সুবিধা। শুধু গাড়ির অর্থায়নেই নয়, গ্রাহকদের জন্য আরও বিস্তৃত ব্যাংকিং সেবার সুযোগও তৈরি হচ্ছে। এই অংশীদারত্বের মাধ্যমে তারা ইউসিবির ক্রেডিট কার্ড এবং বিভিন্ন রিটেইল ব্যাংকিং পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। ফলে গাড়ি কেনার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য ব্যাংকিং সেবাও পাওয়া যাবে আরও সহজে।
বিওয়াইডি বাংলাদেশ দেশের বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। এর সঙ্গে ইউসিবির এই অংশীদারত্ব ব্যাংকিং ও অটোমোবাইল খাতের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে আধুনিক গাড়ি কেনার অর্থায়ন গ্রাহকদের কাছে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ীভাবে পৌঁছে দিতে সহায়তা করবে।
ইউসিবি ও বিওয়াইডি বাংলাদেশ—দুই প্রতিষ্ঠানের এই অংশীদারত্ব গ্রাহকদের সামনে খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। স্মার্ট অর্থায়নের সুবিধায় স্বপ্নের গাড়ি হোক আরও সহজলভ্য, আর প্রতিটি যাত্রা হোক আরও আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্যময়।





















