শেরপুরে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ৩০২ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মে) গভীর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের নুহু মিয়ার ধান ক্ষেতে বিদ্যুতিক শর্টসার্কিটে হাতিটির মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে গভীর অরণ্য থেকে ২৫/৩০টি বন্যহাতির একটি দল প্রতিদিনের মত খাদ্যের সন্ধানে পশ্চিম বাকাকুড়া এলাকার বোরো ধান ক্ষেতে নেমে আসে। এসময় স্থানীয় কৃষকরা মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে উচ্চ শব্দ সৃষ্টি করে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এক পর্যায়ে রাত ১টার দিকে বন্যহাতির দলটি নুহু মিয়ার ধান ক্ষেতে হানা দেয়। পরে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে একটি পুরুষ হাতি ঘটনাস্থলেই মারা যায়।
আজ ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ময়নাতদন্তের জন্য আজ দুপুরে মৃত হাতিটির নমুনা সংগ্রহের পর মাটিচাপা দেয়া হয়। বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টে হাতিটির মৃত্যু হয়েছে।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. এ টি এম ফায়েজুর রহমান আকন্দ বলেন, নমুনা সংগ্রহ করে লেবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
















