যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প
- আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১৫ বার পঠিত

জানুয়ারির শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত তহবিল ওয়াশিংটনের হাতে রয়েছে এবং তিনি চাইলে যেকোনো সময় এই যুদ্ধ শেষ করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। মঙ্গলবার প্রকাশিত নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কংগ্রেসের ডেমোক্র্যাটদের সমালোচনা করে সতর্ক করেন, যুদ্ধ সীমিত করার সম্ভাব্য প্রচেষ্টা তার ভাষায় যুক্তরাষ্ট্রের বিজয়কে পরাজয়ে পরিণত করতে পারে। ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা হয়েছে এবং এর নেতৃত্বকে নির্মূল করা হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, ‘তারা একটি পূর্ণাঙ্গ জয়কে পরাজয়ে পরিণত করবে।’
আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তার সামরিক বিকল্পগুলো আরও সীমিত হয়ে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ততদিন পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার মতো আর্থিক প্রস্তুতি তার প্রশাসনের রয়েছে। সংবাদপত্রটিকে তিনি বলেন, ‘আসলে জানুয়ারির শেষ পর্যন্ত, মোটামুটিভাবে, আপনারা জানেন, আমাদের কাছে তহবিল রয়েছে।’ ওয়াশিংটন যেকোনো সময় এই সংঘাতের ইতি টানতে পারে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যখনই চাই তখনই এই যুদ্ধের ইতি টানতে পারি।’
ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনার বিষয়েও কথা বলেন ট্রাম্প। এটি ‘সম্ভবত করা সম্ভব’ হলেও তা তার প্রধান লক্ষ্য নয় জানিয়ে তিনি বলেন, ‘আমি কেবল চাই না তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আমি কখনোই সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না, এটি আমার কাছে কখনোই কোনো মানদণ্ড ছিল না।’
সূত্র: আনাদোলু এজেন্সি




















