ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
- আপডেট সময় : ০৭:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪০ বার পঠিত

মো শাকিল হোসাইনঃ ধামরাই প্রতিনিধি ঃ
ঢাকার ধামরাইয়ে কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বিরোধের জেরে আনন্দ সূত্রধর নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তার গলা ও মুখে দুটি গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। শনিবার বিকেলে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের একটি কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। আজ স্থানীয়ভাবে সেই বিরোধ মীমাংসার কথা ছিল। তবে বিকেলে শ্রীদাম সূত্রধর কয়েকজনকে নিয়ে মোটরসাইকেলে এসে নরসিংহপুর ব্রিজের ওপর আনন্দ সূত্রধরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে। এতে আনন্দের গলা ও মুখে দুটি গুলি লাগে। গুলির ঘটনা সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















