দ্বাদশ সংসদের প্রথম সারিতে আসন পেলেন যারা
- আপডেট সময় : ০৭:৫৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় সংসদের প্রথম অধিবেশন বসে। অধিবেশনের প্রথম দিনেই টানা চতুর্থবারের মতো জাতীয় পরিষদের স্পিকার পুনর্র্নিবাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রতিবারের মতো এবারও সংসদে সরকারি দলের বেঞ্চের প্রথম আসনে (স্পিকারের ডান পাশে) বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে পর্যায়ক্রমে বসেছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, আ ক ম মোজাম্মেল হক, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আবুল হাসানাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের ও তোফায়েল আহমেদ।
মাঝের (স্পিকারের মুখোমুখি) অংশের প্রথম সারির বাম দিকের প্রথম আসনে বসেছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর পর পর্যায়ক্রমে বসেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, শিল্পমন্ত্রী ইউসুফ হোসেন হুমায়ূন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, রাজিউদ্দিন আহমেদ রাজু এবং শেষ আসনে বসছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বিরোধী বেঞ্চের প্রথম আসনে (স্পিকারের বাম দিকে) বসেছেন। তার বাম পাশে বসেছেন সংসদে বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।
এরপর পর্যায়ক্রমে বসেছেন জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, স্বতন্ত্র এমপি হুসামউদ্দিন, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র এমপি আব্দুল লতিফ সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
এর আগে বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

























