দক্ষিণা দুয়ারে কড়া নাড়ছে বসন্ত
- আপডেট সময় : ০৩:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ২২১ বার পঠিত

আয়েশা আক্তার :
শীতের শেষে মাঘের বিদায় আজ। বসন্তের হাওয়ায় দক্ষিণা দুয়ারে কড়া নাড়ছে ফাল্গুন। শীতের আমেজ আর কুয়াশা কাটিয়ে তাপমাত্রা অল্পস্বল্প করে চড়তে শুরু করলেও প্রকৃতিতে এখন কাঁপন দিচ্ছে বসন্তের হাওয়া। কোকিলের গান, ভ্রমরের খেলা আর গাছে গাছে পলাশ-শিমুলের মেলা- প্রকৃতি যেন সেজে উঠছে নতুন এক রঙে। বসন্তকে বরণ করে নিতেই প্রকৃতির এ বিশাল আয়োজন। আর আয়োজন হবেতো বটেই, কারণ ঋতুরাজের বরণ বলে কথা!
রাত পেরোলেই দক্ষিণা দুয়ার খুলে যাবে। সেই দুয়ার দিয়েই ঋতুরাজ বসন্তের সুমিষ্ট বাতাস শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতিকে সাজিয়ে তুলবে নতুন রূপে। আর প্রকৃতির এমন সাজে সেজে উঠি আমরাও।
বাংলাদেশ বা বাঙালি সমাজে ঋতুরাজ বসন্ত আসে নানা রঙ ছড়িয়ে। মানুষের জীবনে নিয়ে আসে প্রেম ও বিদ্রোহের যুগল আবাহন। প্রকৃতিতে লাগে রংয়ের ছোঁয়া। বসন্তের আগমনে তাই হলুদ, কমলা, লাল, বেগুনি, বাসন্তী রঙের ক্যানভাসে নিজেকে সাজিয়ে তুলতে পারেন। মেয়েরা খোঁপায় গাঁদা-পলাশসহ নানা রকম ফুলের মালা গুঁজে বাসন্তী রঙের শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি-পায়জামা ও ফতুয়ায় শাশ্বত বাঙালির সাজে উৎসবের হাওয়ায় ভেসে বেড়ায় পহেলা ফাল্গুনে।
বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। এ ছাড়া এদিন তরুণ-তরুণীরা বাংলা একাডেমি আয়োজিত একুশের বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ, চারুকলা চত্বর, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক ও বলধা গার্ডেন মাতিয়ে রাখে সারা দিন। দিনভর চলতে থাকে বসন্তের উচ্ছ্বাস। ফোন, ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে বসন্তের শুভেচ্ছা বিনিময়। নানা আয়োজনে বসন্তকে বরণ করে নেয় বাঙালি। তাই বসন্তের আগমনে সুরে সুরে ভেসে আসে ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে’।

























