জাইমা রহমান আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে
- আপডেট সময় : ০৩:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১২০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১১ মার্চ ২০২৬ ।।
মিরপুরে টাইগারের প্রত্যাবর্তন, গ্যালারিতে উপস্থিত জাইমা রহমান
দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের মাঠে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। এই আনন্দের অংশ হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই গ্যালারিতে বসে উপভোগ করছেন। ম্যাচ শুরু হওয়ার কিছু সময় পরই স্টেডিয়ামের ভিআইপি গেটে উপস্থিত হন জাইমা রহমান। সেখানে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, তিনি পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে পুরো ম্যাচটি দেখছেন। দীর্ঘদিন পর ঘরের মাঠে টাইগারের খেলা দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা নজর কাড়ছিল। পবিত্র রমজান মাসের মধ্যেও গ্যালারিতে উল্লাস ও সমর্থনের কোনো ঘাটতি ছিল না। দর্শকরা বাংলাদেশ দলের সমর্থনে উল্লাস আর স্লোগান দিয়ে স্টেডিয়ামকে প্রাণবন্ত করেছেন। চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশের এবং পাকিস্তানের এই সিরিজ শুরু হওয়ার আগে থেকেই ক্রিকেটভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দল বল হাতে জয়ের লক্ষ্য ধরে লড়ছে।

























