বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, ঘরের মাঠে ১১ সিরিজের জয়যাত্রা থামলো কিউইদের
- আপডেট সময় : ০২:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২২ বার পঠিত

ঘরের মাঠে টানা ১১ ওয়ানডে সিরিজ জেতার ধারাবাহিকতা শেষ হয়েছে নিউজিল্যান্ডের। পুরুষদের দ্বিপক্ষীয় ওয়ানডেতে ঘরের মাঠে এটি দ্বিতীয় দীর্ঘতম সিরিজ জয়ের ধারা। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। বাকি দুই ম্যাচ মাঠে গড়ালেও সিরিজ জেতার কোনো সুযোগ নেই স্বাগতিকদের সামনে।
হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ওয়ানডের টস হলেও মাঠে গড়ায়নি কোনো বল। টস জিতে ভারত ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ। শেষ দুই ম্যাচ জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে নিউজিল্যান্ড। শুক্রবার ও রোববার মাউন্ট মঙ্গানুইয়ে হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর দুই দল খেলবে দুই টেস্টের সিরিজ।
ম্যাচের আগের দিন বিকেল থেকেই হ্যামিল্টনে বৃষ্টি শুরু হয়। মঙ্গলবারও বৃষ্টি খুব একটা থামেনি। তবে মাঠের অবস্থা ভালো থাকায় অল্প সময়ের বিরতিতেই খেলার উপযোগী করে তুলতে পেরেছিলেন মাঠকর্মীরা।
বিরতির পর টস হয়। টস জেতে ভারত এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শুভমান গিল। এই সফরে ৮ ম্যাচে সাতবারই টস জিতলো সফরকারী ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি তখন ৪০ ওভারে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু টসের পর দুই অধিনায়কের সাক্ষাৎকার শেষ হওয়ার আগেই আবার বৃষ্টি শুরু হয়। এরপর আর খেলা শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়নি।
ব্যস্ত সূচির কারণে নিউজিল্যান্ডের এবারের ঘরোয়া গ্রীষ্মের সূচি বসন্তকালেই গুটিয়ে আনতে হয়েছে। ভারতের পূর্ণাঙ্গ সফর শেষ করেই অস্ট্রেলিয়া সফরে যাবে দলটি। এমনিতেই বসন্তকালে নিউজিল্যান্ডে বৃষ্টি হয়, এবার তা স্বাভাবিকের চেয়েও বেশি। গত সপ্তাহে বৃষ্টি বাধা সত্ত্বেও দুটি ওয়ানডে শেষ করা সম্ভব হয়েছিল।
তবে মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার ও রোববারের ম্যাচ দুটির আবহাওয়ার পূর্বাভাস তুলনামূলক ভালো। তাই বাকি দুই ম্যাচ নির্বিঘ্নে আয়োজনের আশা করা হচ্ছে।
এই ম্যাচটি ছিল ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের শেষ ওয়ানডে। টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে এবার লাল বলের অনুশীলনে মনোযোগ দেবেন তিনি। তার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার।
অন্যদিকে নিউজিল্যান্ডও ম্যাট হেনরিকে একইভাবে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে সিরিজ শুরুর আগের দিন ডেভন কনওয়ের সঙ্গে সংঘর্ষে চোট পাওয়ায় জাতীয় দলের চিকিৎসক দলের অধীনে তাকে আরও কিছুদিন সময় দেওয়া হয়েছে।





















