ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা
- আপডেট সময় : ০৪:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : মোবাইল ফোন কখনো কখনো শুধু একটি ডিভাইস নয়। কারো কাছে এটি দূরের প্রিয়জনের কণ্ঠস্বর শোনার একমাত্র উপায়, কারো কাছে জীবনের সবচেয়ে দামি মুহূর্তগুলোর নীরব সাক্ষী, আবার কারো কাছে ছোট্ট এক স্বপ্নপূরণের হাতিয়ার। ১৯৮৩ সালে মোবাইল ফোনের আবিষ্কারের পর থেকে বিংশ শতাব্দীর শেষের দিকে এসে মোবাইল ফোন হয়ে ওঠে মানুষের দৈনন্দিন চাহিদার আরেক নাম। এই সময়ে বাংলাদেশে নোকিয়া, স্যামসাং, সিমেন্স, মোটোরোলা, জেড টি ই, এ্যালকাটেল, সনি এরিকসনের মতো গ্লোবাল ব্র্যান্ডের পাশাপাশি কিছু নন-ব্র্যান্ডেড চাইনিজ ফোনও বাজারে পাওয়া যেত। তখন মূলত ফিচার ফোনেরই কদর বেশি ছিল। ২০০৮ সালে “New Experience” ট্যাগ নিয়ে সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন ব্র্যান্ড Symphony মোবাইলের যাত্রা শুরু হয়। এর পরের বছর, ২০০৯ সালে, এই যাত্রারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় এডিসন গ্রুপ, যে গ্রুপের পতাকাতলে আজ সিম্ফনি মোবাইল একটি অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলেছে। এই পথচলা শুরু হয়েছিল একটি সাধারণ ভাবনা থেকে, মানুষের সাধ্যের মধ্যে থেকে তার প্রয়োজন মেটানো। বছরের পর বছর প্রযুক্তি বদলেছে, মানুষের চাহিদা বদলেছে, বদলেছে ফোন ব্যবহারের ধরনও। তবু একটা জায়গায় সিম্ফনি অনড় থেকেছে, প্রযুক্তি যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায়। যাত্রার শুরু থেকেই Symphony মোবাইল স্বল্প দামের ভেতরে নিত্যনতুন ফিচার আর ইনোভেটিভ ডিজাইনের হ্যান্ডসেট বাজারজাত করা শুরু করে।





















