সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ নগরে সড়কে অবৈধভাবে পাথর রেখে জনদুর্ভোগ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৪:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৮ বার পঠিত

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ ঃ
ময়মনসিংহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবৈধভাবে পাথর ও নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সড়কগুলোতে এসব অবৈধ দখলের ফলে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসন।
জনস্বার্থে এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরেজমিনে অভিযান পরিচালনা করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়। তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কের উপর অবৈধভাবে রাখা পাথর ও নির্মাণসামগ্রী অপসারণ করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, কিছু অসাধু ব্যক্তি নিজেদের সুবিধার্থে সড়কের উপর নির্মাণসামগ্রী ফেলে রেখেছে, যা জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে, মোটরসাইকেল ও ছোট যানবাহন বাধাগ্রস্ত হচ্ছে এবং বড় যানবাহনের ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। সিটি কর্পোরেশন জানিয়েছে, সড়ক কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি জনসাধারণের সম্পদ। তাই কেউ ইচ্ছামতো সড়ক দখল করে রাখতে পারবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অভিযানের সময় অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী অপসারণ করা হয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, “নগরীর সৌন্দর্য রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।” স্থানীয় বাসিন্দারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের উপর এভাবে পাথর ও নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। অনেক সময় শিশু ও বয়স্করা দুর্ঘটনার শিকার হয়েছেন বলেও তারা উল্লেখ করেন। সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং সার্বিকভাবে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন স্থানে এ ধরনের অবৈধ দখল ও সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।






















