ভোটের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না ভোটারের সংখ্যা
- আপডেট সময় : ১২:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ৩০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে রাজধানীতে ভোটার উপস্থিতি একেবারেই কম। নেই ভোটারের দীর্ঘ লাইন। দেখে মনে হচ্ছে যেন নীরবতার সাথেই ভোটগ্রহণ চলছে। ভোট শুরু হওয়ার ৩ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও কেন্দ্রে এখনো ভোটারের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে রাজধানীতে প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। নৌকার ব্যাজ ধারণ করে কেন্দ্রের বাইরে প্রচুর নেতাকর্মী অবস্থান করছেন।
‘শীতের সকাল বলে ভোটার উপস্থিতি কম’, এমনটা অনেকে মনে করলেও বেলা বাড়ার সাথে সাথে সাথে অর্থাৎ ১১টার পড়েও কেন্দ্রে কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না। রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সকালে ৮টার পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ভোট প্রদান করেছেন। এ কেন্দ্রে সাড়ে চার হাজার ভোটার রয়েছে। প্রথম দুই ঘন্টায় এখানে ৫০টি ভোট কাস্ট হয়নি। শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রেও একই অবস্থায়। এসব কেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মীরা জটলা করে আছেন। কেউ কেউ কেন্দ্রে ঢুকার মুখে লাইনের মত করে দাঁড়িয়ে আছেন।
হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করে সিইসি সাংবাদিকদের বলেন, আমার কাজ ভোট আয়োজন করা, কে ভোট দিতে আসবে কি আসবে না, সহিংসতা পরিস্থিতি কী হবে না হবে, জানি না। সহিংসতার বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।
রোববার (৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখার পর ঠিক এমন তথ্যই উঠে এসছে।
গুলশান-২ এলাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও ভোটার উপস্থিতি একেবারেই কম। এই স্কুলের পাঁচটি কেন্দ্রে ভোটার সংখ্যা ১৩ হাজারের বেশি হলেও সকাল ১০টা পর্যন্ত ২ ঘণ্টায় মাত্র ১৪টি ভোট পড়েছে বলে জানা গেছে।
ফার্মগেটের মনিপুরীপাড়ার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকাল সাড়ে ১০টায় এই স্কুলের কেন্দ্র-১ এর ৬ নম্বর বুথে তিনি ভোট দেন। সেখানে কেন্দ্র-১ এ মোট ৬টি বুথ রয়েছে। এখানে ভোটার ৩ হাজার ১৫ জন (পুরুষ)। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে সাড়ে চার শতাংশ।
আবার ঢাকা-৪ আসনে (শ্যামপুর-দনিয়া-কদমতলী) দেখা যায়, নারী-পুরুষ নির্বিশেষে একজন-একজন করে ভোট দিতে আসছেন। রায়েরবাগ, মেরাজনগর, মোহাম্মদবাগ এলাকার আদর্শ কলেজ ও এইচ ইউসুফ মেমোরিয়াল স্কুল কেন্দ্রসহ আশপাশের কয়েকটি কেন্দ্র ঘুরেও দেখা যাচ্ছে একই চিত্র।
রাজধানীর মণিপুরিপাড়ার তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাছা ইংলিশ মিডিয়াম স্কুল- এই দুই স্কুলে দুটি করে মোট চারটি কেন্দ্র রয়েছে। সকাল সোয়া ৯টায় এই দুই স্কুলের সামনে গিয়ে দেখা যায়, অন্তত ৭০ জন নারী ও পুরুষ কেন্দ্রের গেটের সামনে ভোটারের লাইনে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে অন্তত ৫০ জন নারী ও বাছা ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে ২০ জন পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আপাত দৃষ্টিতে দেখলে তাদের ভোট দেওয়ার জন্যই দাঁড়িয়েছেন বলে মনে হয়। তবে, প্রায় এক ঘণ্টা এই দুই স্কুলের কেন্দ্র ঘুরে আসার পরও একই নারী ও পুরুষদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অথচ যারা এই দুই স্কুলের কেন্দ্রে ভোট দিতে এসেছেন, তারা ঠিকই লাইন ছাড়া কেন্দ্রের ভেতরে গিয়ে ভোট দিয়ে বেরিয়ে আসছেন।
শীতের সকাল বলে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে অনেক প্রিসাইডিং অফিসার আশা প্রকাশ করছেন। তবে, বেলা বাড়লেও প্রত্যাশা অনুযায়ী এখনো তেমন একটা ভোটারের উপস্থিতি দেখা যাচ্ছে না।
এবারের নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে লড়ছেন এক হাজার ৯৭০ জন প্রার্থী। ২৮টি রাজনৈতিক দলের হয়ে ১৫৩৪ জন প্রার্থী লড়ছেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৪৩৬ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুতে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে।

























