জিজ্ঞাসাবাদের জন্য ফখরুলকে আনা হয়েছে:ডিএমপি
- আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে দায় পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে রাজারবাগে নিহত পুলিশ কনস্টেবলের জানাজা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনাসহ বিভিন্ন জায়গায় বাস পোড়ানো হয়েছে, ট্রাফিক বক্সে অগ্নিসংযোগ করা হয়েছে। ১১৩ জন পুলিশ সদস্যকে আহত করা হয়েছে, তাদের মধ্যে এখনো অনেকের জীবন সংকটাপন্ন। কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি, আরেকজনের জীবন সংকটাপন্ন। আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন, একটি আনুষ্ঠানিক সমাবেশের ভেতর থেকে এই কাজগুলো করা হয়েছে।
এতে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এগুলো বিবেচনা করে আমরা অনেককেই খুঁজছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া শেষ হলে প্রমাণের ভিত্তিতে আরও গ্রেপ্তার করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।























