১৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে ১৬ দিন পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২০৮) একটি বাণিজ্যিক ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার সময় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’ধারে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানানোর সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ শাখা। কিন্তু মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কর্মসূচি গ্রহণ করতে বারণ করেছেন বলে নগর নেতারা জানান। গণ অভ্যর্থনা কর্মসূচি বাতিল করা হলেও বিমানবন্দরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।
শেখ হাসিনাকে লন্ডনে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। যুক্তরাজ্যে বাংলাদেশ বিষয়ক এপিপিজির চেয়ার ও রোহিঙ্গা এবং বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী ড. রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধি দলেরসহ কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন ২ অক্টোবর।
১৭-২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন এবং প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন। যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন।






















