সেরাদের শীর্ষে বিরাট কোহলি
- আপডেট সময় : ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ২৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিশ্বকাপে আবারও সেঞ্চুরির দ্বারপ্রান্তে ভারতের বিরাট কোহলি। দলের প্রয়োজন ৫ রান, কোহলি আছেন ৯৫ রানে। এমন সমীকরণে ম্যাচ জেতার চেয়ে ভারতীয় ব্যাটসম্যানের সেঞ্চুরির দিকেই নজর ছিল সবার। এই সেঞ্চুরি তাকে বিশ্বকাপের মঞ্চে গ্রেট শচীন টেন্ডুলকারের পাশে নিয়ে যেতে পারত।
রবিবার (২২ অক্টোবর) ধর্মশালায় বিশ্বকাপের ২২তম ম্যাচে ৯৫ রানে ফিরতে হয় ভারতীয় ব্যাটসম্যানকে। ৫ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারানোর পর ভারতকে একাই টেনে নিয়ে গিয়েছেন কোহলি।
যদিও শ্রেয়াশ আইয়ার, লোকেশ রাহুলদের ব্যাট থেকে ছোট কিছু ইনিংস এলেও কাজের কাজটা করেছেন কোহলিই। সেঞ্চুরিটা এক অর্থে প্রাপ্যই ছিল তার। ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও হতে পারতেন। ওয়ানডে ক্যারিয়ারে শচীনের ব্যাট থেকে এসেছে ৪৯ সেঞ্চুরি। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নিজের ৪৮তম সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি না পেলেও আরেক তালিকার শীর্ষে চলে গেছেন সাবেক এই অধিনায়ক। এই বিশ্বকাপে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। বিশ্বকাপে ৫টি ম্যাচে কোহলির সংগ্রহ ৩৫৪ রান। ৭০ ওভার গড়ে ব্যাট করেছেন। চার ম্যাচেই খেলেছেন পঞ্চাশের ইনিংস। এর মধ্যে একটিকে সেঞ্চুরিতে পরিণত করেন তিনি। সেই সেঞ্চুরি এসেছে বাংলাদেশের বিপক্ষে।
পাকিস্তানের বিরুদ্ধে ১৬ রানের ইনিংস বাদ দিয়ে বাকি ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সেরা ব্যাটসম্যানের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলির সতীর্থ ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার রান ৩১১। খেলেছেন ৫টি ম্যাচ। নামের পাশে রয়েছে ১টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি। গড় ৬২.২০।
তবে সেরাদের এই তালিকায় বাংলাদেশের কোনো নাম নেই। বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম। ৪ ম্যাচে ১৫৭ রান করা মুশফিক রান সংগ্রাহকের তালিকায় ২১ নম্বরে রয়েছেন। ১৫৫ রান নিয়ে আছেন আরেক বাংলাদেশি লিটন দাস।





















