সিটি কর্পোরেশন নির্বাচন:ময়মনসিংহে ২৭ ও কুমিল্লায় ২৫ শতাংশ ভোট পড়েছে
- আপডেট সময় : ০২:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (৯ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ সিটিতে ২৭ শতাংশ এবং কুমিল্লা সিটিতে ২৫ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল থেকে ২৩১টি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। সকালে কুমিল্লা সিটির একটি ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
অতিরিক্ত সচিব বলেন, এ পর্যন্ত দুই সিটিতে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে এখন পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে। আর ময়মনসিংহ সিটিতে ২৭ শতাংশ ভোট পড়েছে।
কুমিল্লা সংঘর্ষ নিয়ে রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেন বলেন, ১৯ নম্বর ওয়ার্ডের ৭৪, ৭৫ ও ৭৬ নম্বর কেন্দ্র তিনটি পাশাপাশি। গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছে ২ জন। তবে এ ঘটনা কেন্দ্রের বাইরে ঘটেছে।
ভোটগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এছাড়া ২০-২২ নম্বর কেন্দ্রের বাইরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কেন্দ্রের ভেতরে কোথাও কোনো ঝামেলা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

























